নরসিংদীর সদর উপজেলার ইটাখোলা হাইওয়েতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বাগহাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাফেজ আলিম (৪৫)। তিনি ওই মাইক্রোবাসের চালক। তার বাড়ি হবিগঞ্জ জেলায়।
নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশের এস আই নূরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিদেশ ফেরত যাত্রীসহ স্বজনদের নিয়ে সিলেটগামী একটি মাইক্রোবাস বাগহাটা এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক নিহত হন। এ ঘটনায় ওই মাইক্রোবাসের ৩ যাত্রী আহত হন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত তিনজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
