শরীয়তপুরের ভেদরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ খলিলুর রহমান (৪৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) রাতে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
খলিলুর রহমান চর মাইজারা এলাকার আহম্মদ মালতের ছেলে এবং কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার।
ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, বৃহস্পতিবার (৬ জুলাই) সখিপুরের কাশিমপুর এলাকার একটি বাড়ি থেকে রাতে দু’টি মোটরসাইকেল চুরি হয়ে যায়। মোটরসাইকেল মালিক থানায় অভিযোগ করলে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চর মাইজারা গ্রামের খলিলুর রহমান এ ঘটনায় জড়িত।
পরে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী এলাকার নিজ বাড়ি থেকে ইউপি সদস্য খলিলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে, ইউপি সদস্যের বাড়ি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোরাই মোটরসাইকেলটি জব্দ করে খলিলুর রহমানের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
