সাভারে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসা শিক্ষক আটক

আপডেট : ২৫ জুন ২০১৯, ১৯:৩১

সাভারে ৬ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ মঙ্গলবার সকালে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. ইদ্রিস আলীকে (৩৫) আটক করে। এর আগে সোমবার পৌর এলাকার গেন্ডা মহল্লার একটি বালিকা মাদ্রাসায় ঘটনাটি ঘটে।

জানা যায়, আটক ইদ্রিস আলী মাদারীপুর জেলার কালকিনী থানার কানাই সরদারের চর এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি আনন্দপুর মহল্লার শাহাদাৎ মিয়ার বাসায় ভাড়া থাকতেন ও স্থানীয় ওই বালিকা মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

মামলার এজাহার থেকে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটির বাবা তার মেয়েকে ওই মাদ্রাসায় পড়তে দিয়ে স্থানীয় একটি টেইলার্সের দোকানে কাজে চলে যান। দুপুরে ১২টার দিকে পড়ার বিরতিতে অন্যান্য ছাত্রীরা বিশ্রাম নেওয়ার সময় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক কৌশলে ভুক্তভোগী শিশুটিকে তার কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি কান্না-কাটি করলে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। পরে বিকাল ৫টার দিকে টেইলার্সের দোকানে কাজ শেষ করে মেয়েকে মাদ্রাসা থেকে আনতে গেলে শিশুটি কান্নাকাটি করে বাবার কাছে পুরো বিষয়টি খুলে বলে।

আরও পড়ুন:  বনগ্রামে মজুতকৃত নিম্নমানের ১০২ বস্তা সরকারি চাল আটক

পরে মঙ্গলবার শিশুটির পিতা থানায় মামলা দয়ের করলে এবং বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। 

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, 'ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলীকে আটক আদালতে পাঠানো হয়েছে।'

ইত্তেফাক/জেডএইচডি