সিরিজে টিকে থাকার লড়াই নারীদের

সবাই মিলে ভালো করলেই ভালো ফল আসবে :জ্যোতি

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১:৪৩

মিরপুরে ১১ বছর পর আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতোদিন অপেক্ষার পর হোম অব ক্রিকেট খ্যাত এই মাঠে খেলতে নেমে হয়তো কিছুটা হতাশ হয়েছে নারীরা। কেননা পুরুষ ক্রিকেট দলের মতো মাঠে সমর্থন পাচ্ছে না নারী দল। দর্শকদের জন্য বিনা মূল্যে খেলা দেখার সুযোগ থাকলেও প্রচারণার অভাবে অনেক দর্শক জানতই না খেলার খবর। ফলে গত পরশু অনুষ্ঠিত হওয়া ম্যাচে দর্শকশূন্য মাঠেই খেলেছে তারা।

এছাড়া ভারতের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি লাল-সবুজদের। প্রথম ম্যাচেই ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ে হতাশার পরাজয় বরণ করে নিতে বাধ্য হয়েছে স্বাগতিকরা। সব মিলিয়ে কিছুটা আপসেট হতেই পারে দল।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। যেখানে দুই দলের সামনে পরিসংখ্যান এমন যে, সফরকারী ভারত ম্যাচটা জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে। অন্যদিকে বাংলাদেশ এ ম্যাচে জিতলে আসবে সিরিজে সমতা। আর তাতে করে আগামী ১৩ জুলাই এর ম্যাচটি দাঁড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ হিসেবে। এমন অবস্থায় প্রথম ম্যাচের হতাশা ভুলে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জ্যোতি বাহিনী। সে লক্ষ্যে গতকাল মিরপুরে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।

পরে সংবাদ সম্মেলনে আসেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ সময় তিনি শোনান প্রথম ম্যাচের ফলাফল ভুলে সেই ম্যাচে করা নিজেদের ভুলগুলোর সমাধান করে দ্বিতীয় ম্যাচে ভালো করার আশার বাণী।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের স্কিল তো আছে। সবাই স্কিলফুল, অবশ্যই পটেনশিয়াল আছে। তাই তো জাতীয় দলে তারা খেলছে অনেকদিন ধরে। তবে ভালো ফলাফল আশা করতে হলে ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে। যখন একটা খেলোয়াড় ভালো একটা স্টার্ট পায়, সে কেন ২৫ এর পরে আউট হবে। তাকে ইনিংসটা অবশ্যই ক্যারি করতে হবে। শট সিলেকশনের প্রতি আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। পরিস্থিতি কী ডিমান্ড করতেছে। এটা যদি একটু ওভারকাম করতে পারি স্কিল থাকলে কেন পারফরম্যান্স হবে না। যত দ্রুত ক্যামব্যাক করা যায়, তত দ্রুত ভালো হবে।

ইত্তেফাক/এসএস