কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে ঘটনায় সুনামগঞ্জে নিহতের সংখ্যা বেড়ে ৪

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৫:৫৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদে দানকৃত একটি কাঁঠাল নিলামে তোলা ও দাম হাকাঁনো নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার জন হয়েছে। সোমবার (১০ জুলাই) এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন এবং ছয় জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন উপজেলার হাসনাবাদ গ্রামের মৃত আজির মোহাম্মদের মুখলেছুর রহমান (৬০), আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৫০), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫৫) ও আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৪৫)।

আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন জানান, শুক্রবার বাদ জুমআ হাসনাবাদ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। গ্রামবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয় এবং দাম হাকাঁনো হয়। এতে গ্রামের দীন ইসলামের পক্ষের একজন দামের কথা শুনা যাচ্ছে না বলে আওয়াজ তুললে প্রতিপক্ষ মালদার মেম্বারের পক্ষের সুনু মিয়া ও জুনাব আলী গংরা এ নিয়ে কথা কাটাাকটি হয়। এ নিয়ে গত চার দিন থেকে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছি।

ইতোমধ্যে এ নিয়ে সোমবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় তারা দেশীয় ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাইমরল গ্রুপের নুরুল হক  নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও সরাইমরল গ্রুপের বাবুল মিয়া, মালাদার গ্রুপের শাহজাহান মিয়া ও আব্দুল বাসির মারা যান। সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, সংঘর্ষে এখন পর্যন্ত চার জন মারা গেছেন। সোমবার সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি জানান,  এ ঘটনায় ইতোমধ্যে উভয় পক্ষের ছয় জনকে আটক করা হয়েছে। কোন পক্ষ এখনো অভিযোগ দেয়নি। তবে সংঘর্ষে জড়িতদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

ইত্তেফাক/আরএজে