রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি মার্গারেট। মঙ্গলবার (১১ জুলাই) বিকালে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। সন্ধ্যা থেকে খালাস শুরু হবে জাহাজে থাকা এ পণ্যের। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স'র খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
সাধন কুমার চক্রবর্তী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরণের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে ৬ জুন মোংলা বন্দরের উদ্দেশ্যে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর ছেড়ে আসে এমভি মার্গারেট। এরপর রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।
সন্ধ্যা ৭টা থেকে এ জাহাজ থেকে ১৮৩ পণ্য খালাসের কাজ শুরু হবে। বৃহস্পতিবার জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে। পরে খালাসকৃত এসব পণ্য সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।
এর আগে গত ২ জুলাই রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এমভি লিবার্টি হারভেস্ট। আর তারও আগে ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার ৭ কোম্পানির ৬৯টি জাহাজকে পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে। যার ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে মোংলা বন্দরে আসছে।
