আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে গণতন্ত্র থাকে: এ. আরাফাত

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৮:৩১

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, বিভিন্ন সমস্যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেন না। যতবেশি মানুষ ভোট দিতে আসবে নৌকা ততবেশি ভোট পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঢাকা-১৭ আসনের এই নির্বাচনের মাধ্যমে গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দেবো, আওয়ামী লীগ থাকলে এদেশে গণতন্ত্র থাকে। 

সোমবার (১০ জুলাই) সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনি গণসংযোগকালে নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এ কথা বলেন।

তিনি বলেন, এলাকার মানুষের সমস্যার কথা শুনে আপনাদের সাথে পরামর্শ করে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। একটি একটি করে সমাধান করবো। যতগুলো বস্তি আছে, যেখানে নিম্ন আয়ের মানুষের বসবাস করেন তাদের যে সমস্যাগুলো আছে, সকল সমস্যার সমাধান ধীরে ধীরে আমাদের করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী উগ্রবাদী মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে। এরা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। সেদিকে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বয়ে দেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, অত্র এলাকায় যে সমস্যাগুলো পুঞ্জিভূত হয়ে আছে সেগুলোর সমাধান করবো। এই আসনে আগে আওয়ামী লীগের ঘরের কোনো এমপি ছিল না। আমি আপনাদের ঘরের লোক, আওয়ামী লীগের লোক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইহসাক মিয়াসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এমএএম