নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের 

আপডেট : ১১ জুলাই ২০২৩, ২০:২৯

নেত্রকোনার মদনে পানিতে ডুবে হাসাইন (৪) ও তাসলিমা (২) নামের দুই ভাই-বোন মারা গেছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকালে উপজেলার মাঘান ইউনিয়নের রামদাসখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার মাঘান ইউনিয়নের রামদাসখিলা গ্রামের শফিকুল ইসলামের সন্তান।

জানা যায়, মঙ্গলবার দুপুরে শফিকুল ইসলাম তার সন্তানদের সঙ্গে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে। পরে শফিকুল ও তার স্ত্রী গরুর খাবার দিতে চলে যায়। সেই সুযোগে শিশু দুইটি ঘরের পেছনে খেলতে গিয়ে নদীতে পড়ে যায়। বাবা-মা ঘরে এসে তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বিকালে নদীতে শিশু দুইটির লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু দু’টি মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ইত্তেফাক/এবি/পিও