সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা: তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৩ সেপ্টেম্বর

আপডেট : ১১ জুলাই ২০২৩, ২০:৩৭

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায় হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১১ জুলাই) এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।

আসামিরা হলেন, মিজানুর রহমান চৌধুরী ও তার বন্ধু সাকিব হোসেন এবং সেলিম পাহলান।

আদালত সূত্রে জানা যায়, এদিন নীলার মায়ের মামা পবিত্র মণ্ডলকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করেন ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ  ফেরদৌস ওয়াহিদ। গত বছরের ৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে সাভারে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করেন আসামি মিজানুর। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে ছিনিয়ে পাশের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ওই রাতে নীলা রায়কে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।

ইত্তেফাক/এবি/পিও