ভারতের কাছে সহজ ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে

আমাদের ল্যাকিংসটা ‘টপ ফাইভ’: নাহিদা

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১২:০১

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দারুণ বোলিং ও ফিল্ডিংয়ের পর করুণ ব্যাটিং বিপর্যয়ের কারণে জয়ের খুব কাছে থেকেও হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে বাংলাদেশের। এদিন সফরকারীদের মাত্র ৯৬ রানে আটকে দিয়েও তা তাড়া করতে সক্ষম হননি টাইগ্রেসরা। ম্যাচের শেষ দিকেও জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১৪ রান। হাতে ছিল ৫ উইকেট। কিন্তু সেটা তো নিতে পারেইনি, উল্টো অলআউট হয়ে যায় ৮৭ রানে। বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ৮ বলের মধ্যে, রান করতে পেরেছে মাত্র ১।

এদিন, বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন কেবল নিগারই। তার ব্যাট থেকে আসে স্বাগতিকদের ইনিংসের সর্বোচ্চ ৩৮ রান। এছাড়া আর কোনো ব্যাটারই পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে। তাই ম্যাচ শেষে টপ অর্ডারের ব্যাটারদের দুষলেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় না স্কিলে ঘাটতি আছে। আমরা যথেষ্ট অনুশীলন করছি। কোচ আমাদের নিয়ে যথেষ্ট কাজ করছেন। আমার মনে হয় ঐ জায়গাটায় আমাদের অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্সটা একটু কাজে লাগানো উচিত। যারা আমাদের সিনিয়র ব্যাটাররা আছে, যারা টপ ফাইভে ব্যাটিং করছে, ওই জায়গাটাই আমাদের ল্যাকিংস রয়েছে।’

এ সময় টপ অর্ডারদের ধীরগতির রানের কারণেই শেষ দিকে চাপে পড়ে যায় ব্যাটাররা উল্লেখ করে নাহিদা আরও বলেন, ‘আমাদের ল্যাকিংসটা বললাম, টপ ফাইভ। ১১-১৫ আমরা একটু ধীরগতিতে খেলে ফেলেছি। আমরা যদি এই জায়গাটা একটু ইম্প্রুভ করতে পারি, আর যদি ঐ জায়গাটায় সিঙ্গেলটা ক্যারি করতে পারি, আমার মনে হয় পরে যারা নামবে তাদের রান করা সহজ হয়ে যাবে। না হলে পরের ব্যাটারদের ওপর প্রেশারটা বেড়ে যায়।’

এক পর্যায়ে ভারতের খেলোয়াড়দের তুলনায় নিজেদের ফিটনেসে কমতি রয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে এই স্পিনার বলেন, ‘সত্যি বলতে, আমাদের ফিটনেস একটু দুর্বল ভারতের থেকে। আমরা চেষ্টা করছি ফিটনেসটা ডেভেলপ করার জন্য। বিদেশ থেকে আমাদের ট্রেনার নিয়ে আসা হয়েছে, আমরা আমাদের সিরিজ শেষে নেক্সট যে ক্যাম্পটা হবে, ফিটনেসে বেশি ফোকাস দেব।’

ইত্তেফাক/এসএস