রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বুড়িগঙ্গা নদী পারাপারের সব ধরনের নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১২ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে নৌযান চলাচল।
নদী পারাপারের সহজলভ্য উপায় নৌকাও বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ কর্মজীবী ও শ্রমজীবী মানুষ।
নদী পার হটে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন ঘাট দিয়েই যাতায়াত করলেও তারা আজ এসে দেখছেন খেয়া পারাপার বন্ধ। ঘাটের মাঝিদের অনেক অনুরোধ করার পরও 'নেতাদের ভয়ে' তারা যেতে চাচ্ছে না।
স্থানীয় মাঝিরা জানান, নেতারা আজ নদীতে খেয়া পারাপার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। তবে কোন নেতা নির্দেশ দিয়েছেন জানতে চাইলে কেউ বলতে চাননি।
বুড়িগঙ্গা নদীতে খোলা মোড়া থেকে কালুগঞ্জ তেলঘাট পর্যন্ত ২০টিরও বেশি ঘাট রয়েছে। এসব ঘাটে প্রায় ১৫০ থেকে ২০০টি নৌকা যাত্রীদের পারাপার করে।
এদিকে, সদরঘাটে চার পাঁচটি পারাপারের জন্য ওয়াটার বাসও আজ বন্ধ রয়েছে। মাদবাজার থেকে সদরঘাটপরের ট্রলারও বন্ধ রয়েছে। ঘাটে বেশকিছু পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

