মাদারীপুরের শিবচরে ঝরনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী খোকন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ৮ -এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মো. রবিউল ইসলাম বলেন, চার বছর আগে খোকন শেখের সঙ্গে বিয়ে হয় নিহত ঝরনা বেগমের। বিয়ের পর থেকে খোকন শেখ বিভিন্ন কারনে ঝরনাকে শারীরিক নির্যাতন করত। গত শুক্রবার উপজেলার বিশরশি গ্রামের একটি বাঁশ বাগান থেকে গৃহবধূ ঝরনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বোন শাহিদা বাদী হয়ে হত্যা মামলা করেন।
বিষয়টি আমলে নিয়ে র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি খোকন শেখকে পাবনা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই খোকন শেখ আত্মগোপনে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন জানিয়েছে, স্ত্রী ঝরনা বেগমকে তিনি গলা টিপে হত্যা করেন এবং তখন তার সঙ্গে অন্য কেউ ছিল না। পরে তাকে শিবচর থানায় হস্তান্তর করা হয়।
