মতলব দক্ষিণ উপজেলায় ছয় দিনে মোট ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। গত শুক্রবার থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত এসব রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার (১২ জুলাই) দুপুরে ভর্তি হন নিহা আক্তার (১৭), আসমা আক্তার (৩০), বশির আহম্মেদ (৩২) ও মো. তৌফিক (২৬) নামে চার ব্যক্তি। তাদের বাড়ি উপজেলা সদর ও আশপাশের এলাকায়।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত শুক্র থেকে মঙ্গলবার দুজন করে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ আরও ভর্তি হন চারজন। উল্লিখিত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মোট ১৪ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. মুহিবুল্লাহ বলেন, ‘গত কয়েকদিন ধরে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের প্যারাসিটামল বড়ি, তরল খাবার এবং ক্ষেত্র বিশেষে অ্যান্টিবায়োটিক খেতে দেওয়া হচ্ছে। এর আগে রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। জ্বর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।’
