প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতে একটি সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সুশীল সমাজ ও সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা, শ্রম অধিকার ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে ভূমিকা রাখার ব্যাপারে আলোচনা করেন তারা।
এছাড়া আন্ডার সেক্রেটারি ও প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতা এবং তাদের প্রয়োজন মেটাতে বৈশ্বিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন।
এ সময় রোহিঙ্গা শরণার্থী এবং তাদেরকে আশ্রয়দানকারী বাংলাদেশ ও এই অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীকে ২০১৭ সাল থেকে ২১ হাজার কোটি টাকারও বেশি (২.১ বিলিয়ন ডলার) মানবিক সহায়তা দিতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত বলে উল্লেখ করেন উজরা জেয়া।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীদের জন্য প্রায় ৬১০ কোটি টাকার সহায়তাসহ মিয়ানমার ও বাংলাদেশে চলমান কার্যক্রমগুলোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া অতিরিক্ত ৭৪০ কোটি টাকার বেশি মানবিক সহায়তা প্রদানের বিষয়টিও তুলে ধরেন আন্ডার সেক্রেটারি।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবিকার সুযোগ সম্প্রসারণের আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গাদের বৃহত্তর পরিসরে সহায়তা করতে বর্তমান ও সম্ভাব্য দাতাদের প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
এরপর তিনি আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আজ সকাল ১১টা ও দুপুর ১২টায় দেখা করবেন। উজরা জেয়ার সঙ্গে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
এছাড়া আন্ডার সেক্রেটারি উজরা দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকালে তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও সুশীল সমাজের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবেন।
এরপর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেওয়ার কথা আছে উজরার।
গত মঙ্গলবার ৪ দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় আসেন উজরা জেয়া। তার সফরসঙ্গীদের মধ্যে আরও আছেন ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। গতকাল তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। আগামীকাল এই প্রতিনিধি দলের ঢাকা ছাড়বেন।

