বাফুফে ভবনে নেপাল মহিলা ফুটবল দলের সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যাওয়ার আগে বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান লিটু এবং অধিনায়ক সাবিনা খাতুন সম্মেলন কক্ষে ঢুকলেন। একসঙ্গে তাদের দেখাও হয়েছে। কিন্তু বাইরে এসে নেপাল কোচ অনন্ত রাজ থাপা এবং অধিনায়ক আঞ্জিলা তুমবাপো সুব্বা জানতে চাইলেন সাবিনা কোথায়। দুইজনই চিনতে পারলেন না সাবিনাকে।
অনন্ত থাপা এবং গোলকিপার আঞ্জিলা যখন বুঝতে পারলেন সাবিনাই তাদের সঙ্গে কথা বলেছেন। তখন তাদের চোখ কপালে, ‘দেখে বুঝার উপায় নেই যে, সাবিনা দলের একমাত্র সিনিয়র খেলোয়াড় অনেক দিন ধরে খেলছেন। ছিপছিপে শরীরটা কীভাবে ধরে রেখেছেন।’
নেপাল দলের সাফের কোচ ফাইনালের পর পদত্যাগ করেছিলেন। বর্তমান দায়িত্বে কোচ অনন্ত রাজ থাপা, বয়স ৪১। এই কোচের অধীনে নেপাল আন্তর্জাতিক ফুটবল মঞ্চে প্রতিষ্ঠিত হতে চাইছে।
বাংলাদেশের মহিলা ফুটবল দলের প্রায় সব খবরই নেপালের জানা। সংবাদ সম্মেলনের বাইরে আলোচনায় কোচ অনন্ত রাজ থাপা বললেন এবং অধিনায়ক আঞ্জিলা শুনলেন, জানতে চাইলেন।
সাফ জয় করে বাংলাদেশের সাবিনা সানজিদারা যত সম্মান পেয়েছেন তা নেপালের অধিনায়ককে অবাক করেছে। সেনাবাহিনী টাকা দিয়েছে। চাকরির কথা বলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে গেছেন। টাকা দিয়েছেন। আদর করে খাইয়ে দিয়েছেন। অন্যান্য সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা ফুটবলারদের ডেকে নিয়ে ঘরবাড়ি করে দিয়েছেন। কোনো কিছুই অজানা নয় নেপালের।
সাফের সেরা গোলকিপার রূপনা চাকমার ঘর ছিল না। ভাঙা ঘর নতুন করে তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী সে কথাও জানা আছে কোচের। সাফের ফাইনাল খেলেছেন নেপালের অধিনায়ক আঞ্জিলা। কেন একাধিক ফুটবলার জাতীয় দল ছেড়ে চলে গেছেন। কোচ নেই পদত্যাগ করেছেন। সাবিনাদের বর্তমান অবস্থান শুনে একটু অবাক হয়েছেন।
