গুলশানে ঝুঁকিপূর্ণ মার্কেট সিলগালা

পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৭:৪৭

রাজধানীর গুলশান-১ এলাকায় বহুতল ভবন ‘গুলশান শপিং সেন্টার’ সিলগালা ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে ব্যবসায়ী ও কর্মচারীরা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।   

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করে। এতে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিকাল ৫টার দিকে সড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করে পুলিশ।    

এ সময় ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে ফিরে যাওয়ার সময় বেশ কয়েকটি প্রাইভেটকার ও বাস ভাঙচুর করে বলে জানা গেছে। সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ গোল চত্বরটি ফাঁকা করে দেয়। এতে করে ওই এলাকায় ফের যান চলাচল স্বাভাবিক হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলশান-১ নম্বর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সড়ক অবরোধ করে ব্যবসায়ী ও কর্মচারীদের বিক্ষোভ। ছবি: আব্দুল গনি

ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তবে প্রশাসনের দাবি, যথেষ্ট সময় পেয়েছেন দোকানমালিক ও ব্যবসায়ীরা। অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে ।

গুলশান ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুস্তাফিজুর রহমান জানান, ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি সিলগালা করতে এসেছিলেন ডিএনসিসি কর্মকর্তারা। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন।

ইত্তেফাক/এনএ