চলতি সপ্তাহের শেষেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘জওয়ান’-এর ‘প্রিভিউ’। আর এর প্রথম ঝলকেই মজে গেছে পুরো নেট দুনিয়া। ন্যাড়া মাথায় মেট্রোর ভেতর শাহরুখের ‘বে-করার’ গানের সঙ্গে নাচ দেখে তো ভক্তদের মন উথাল-পাথাল। এরই মাঝে বৃহস্পতিবার টুইটারে ভক্তদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন বাদশা। সুযোগ পেয়ে মজার ছুতোতে কিং খানকে ট্রোল করতে ছাড়েনি কেউ কেউ।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, আজকাল সময় পেলেই টুইটারে সেশন-এর আয়োজন করেন শাহরুখ। সুযোগ পেয়ে ভক্তরাও ঝাঁপিয়ে পড়েন তাকে নানা প্রশ্ন করতে। কেউ কেউ আবার অভিনেতাকে কটাক্ষও করে বসেন।
সম্প্রতি এক ভক্ত ট্রোল করে শাহরুখকে প্রশ্ন করেন, অভিনেতা কি হল ভরাতে নিজের ছবির টিকিট নিজেই কেনেন? এমন প্রশ্ন শুনে ঠাণ্ডা মাথায় মজাদার আর মোক্ষম জবাব দেন ‘পাঠান’। লেখেন- ‘তুমি কি নিজে কাজ করে, নিজেই নিজেকে পারিশ্রমিক দাও?’
এক ভক্ত জানতে চায়, ‘জওয়ান’-এর প্রিভিউ দেখে শাহরুখ-পত্নীর কী প্রতিক্রিয়া? অভিনেতা জানান- ‘গৌরীর এটা দেখে ভালো লেগেছে যে নারীরা ক্ষমতাশালী তা এখানে উঠে এসেছে’। অন্যদিকে ছোট ছেলে আব্রামের এই ছবির মিউজিক খুব ভালো লেগেছে তাও ফাঁস করেন শাহরুখ।
এছাড়া জানা যায়, এদিন ‘জওয়ান’-এর নতুন পোস্টারও প্রকাশ্যে আনেন কিং খান। সঙ্গে জানান খুব শীঘ্রই সিনেমা হলে দেখা হবে ভক্তদের সঙ্গে। এই মুহূর্তে ‘জওয়ান’-এর একটি স্পেশ্যাল গানের শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ। মুম্বাইয়ের যশ রাজ স্টুডিওতেই চলছে শ্যুটিংয়ের কাজ।
শাহরুখ ছাড়াও অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা। অনিরুদ্ধের কম্পোজ করা এই গান কোরিওগ্রাফ করছেন বৈভবী মার্চেন্ট।
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। হিন্দি ছাড়া আরও তামিল, তেলুগু, মালায়ালি ভাষায় মুক্তি পাবে। এই সিনেমার সঙ্গেই প্রথমবার আক্ষরিক অর্থে প্যান ইন্ডিয়ায় মুক্তি পাচ্ছে শাহরুখের সিনেমা। ২০২৩ আক্ষরিক অর্থেই শাহরুখ খানের বছর হতে চলেছে। পাঠান ও জওয়ান-এর পর চলতি বছর শেষে ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হবেন তারকা। সেই সিনেমায় প্রথমবার রাজ কুমার হিরানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।
Now have to go back to work. #Jawan getting release ready. Thank u for your time for #AskSRK. As promised sending out the poster for the film and of course lots and lots of love. See u all in the cinemas. pic.twitter.com/36w4j1JI1k
— Shah Rukh Khan (@iamsrk) July 13, 2023
