মানিকগঞ্জে মোবাইল চুরির অপবাদে এক পথশিশুকে মারধরের পর বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদের বিরুদ্ধে। বুধবার (১৩ জুলাই) বিকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মানড়া সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিশুটি ঘিওরের বানিয়াজুরী এলাকায় থাকে। সে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পুরাতন বোতল সংগ্রহ করে। তার পিতা-মাতা ও বাড়িঘরের পরিচয় পাওয়া যায়নি।
অভিযুক্ত ওই শ্রমিকরা হলেন-বাবু মিয়া ও তৌহিদুর রহমান। তারা স্থানীয় আবিদ মুনছুর কনস্ট্রাকশনে কর্মরত রয়েছেন।
স্থানীয়রা জানায়, মোবাইল চুরির অভিযোগে শ্রমিকরা তাকে ধরে চড়-থাপ্পড় দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে রোদে দাঁড় করিয়ে রাখে। কয়েক ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখার পর কান্নাকাটি করলে ছেড়ে দেয়।
কনস্ট্রাকশনের শ্রমিক বাবু মিয়া জানান, শ্রমিকদের থাকার ঘর থেকে একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এর পর চড়-থাপ্পড় দিয়ে বাঁশে বেঁধে রোদে দাঁড় করিয়ে রাখা হয় যাতে আর কোনো দিন চুরি করার সাহস না পায়।’
আবিদ মুনছুর কনস্ট্রাকশনের সাইড ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বলেন, ‘এর আগেও সে শ্রমিকদের টাকা-পয়সা চুরি করেছে। তার পিতা-মাতা ও বাড়িঘরের পরিচয় না থাকায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। পরিচয় বা অভিভাবক থাকলে তাদের ডেকে বিচার করা হতো বা পুলিশের হাতে তুলে দেওয়া হতো।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নির্যাতনের ঘটনায় জড়িতদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
