নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তায় ফেলে যাওয়া খোদেজা (৭৫) নামে এক বৃদ্ধাকে উদ্ধার করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। ১৫ দিন আগে ওই বৃদ্ধার সন্তান হাছেন আলী ও জামান তাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যায়।
উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওসি নজরুল ২৫ জুন মঙ্গলবার তাকে উদ্ধার করেন। খোদেজা ওই এলাকার মৃত মিল্লাত আলীর স্ত্রী।
এ ঘটনায় দুই ছেলেকে আটক করে পুলিশ। পরে ওসির উদ্যোগে সন্তানদের কাছ থেকে ছেলেদের নামে লিখে দেওয়া ২০ শতক জমি উদ্ধার করে মায়ের নামে পুনরায় লিখে দেওয়ার ব্যবস্থা করেন।
বৃদ্ধা খোদেজা জানান, ১৯৭১ সালে তার স্বামী মিল্লাত আলী দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। পরে পৈত্রিক সূত্রে সন্তানেরা জমির মালিক হন। এক পর্যায়ে তিনি বাবার বাড়ির জমিসহ নিজের স্বামীর কাছ থেকে পাওয়া ২০ শতক জমি চার বছর আগে সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। এখন ভাত কাপড় তো দূরের কথা, সন্তানদের কাছে মাথা গোঁজার ঠাঁই ছিল না তার।
আরও পড়ুন: চালু হয়নি ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনাল
১৫ দিন আগে ছেলেরা তাকে রাস্তায় ফেলে যায়। সেখানে তিনি এক মামার বাড়িতে আশ্রয় নেয়। গরীব মামা ভিক্ষা করে তাকে খাওয়াতো।
ওই বৃদ্ধা বলেন, ‘আমি ওসি সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তিনি যেন এভাবেই মানুষের সেবা করে যেতে পারেন।’
ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘একজন অসহায় মায়ের পাশে দাঁড়াতে পেড়ে নিজেকে ধন্য মনে করছি। বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।’
ইত্তেফাক/অনি
