বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নে দুই ওয়ার্ডের সংযোগ পুলটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আর এ কারণে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী ও শিক্ষার্থী।
পুল ব্যবহারকারী স্থানীয়রা জানায়, ইউনিয়নের ১ ও ২নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী সংযোগ খালের পুলটি বছরের পর বছর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ পুল দিয়ে প্রতিদিন কমপক্ষে অর্ধ সহস্রাধিক লোক যাতায়াত করে। প্রতিদিনই মোটরসাইকেল, ভ্যানও ঝুঁকি নিয়ে পুলটির ওপর দিয়ে চলাচল করে। পিকে মোহসিনিয়া আলিম মাদ্রাসা, সিরাজ স্মৃতি দাখিল মাদ্রাসা, আহম্মদিয়া দাখিল মাদ্রাসা, সোনাখালী মহাব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়, উত্তর পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্কুল, কলেজগামী শত শত শিক্ষার্থী এ পুল দিয়ে যাতায়াত করে। ঝুঁকির কারণে নারী ও শিশু এ পুল পারাপারে ভয় পার হয়।
স্থানীয় ভুক্তভোগী সিদ্দিকুল আলম, হেমায়েত হোসেনসহ অনেকের অভিযোগ করেন, ইউনিয়নের দুই ওয়ার্ডের জনপ্রতিনিধিদের রোষানলে পড়েছে বন্ধ রয়েছে এ পুলের উন্নয়ন। উন্নয়নের জন্য এক ওয়ার্ডের জনপ্রতিনিধি অন্য ওয়ার্ডের জনপ্রতিনিধির ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। এক্ষেত্রে এলাকাবাসী ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করছেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, পুলটি পুনঃনির্মাণের জন্য এলজিআরডি দপ্তরকে অবহিত করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, অর্থ বরাদ্ধ হলে পুলটি সংস্কার কিংবা পুননির্মাণ করা হবে।
