প্রিমিয়ার ফুটবল লিগে আজ বসুন্ধরা কিংসের অভিযান শেষ হচ্ছে। শেষ ম্যাচ আজ কিংস লড়বে আবাহনীর বিপক্ষে। বসুন্ধরার নিজেদের মাঠে খেলা শুরু হবে বিকাল ৬টায়। আবাহনীর ম্যাচ এখনো এক ম্যাচ বাকি আছে আজকের ম্যাচ কিংবা পরবর্তী ম্যাচ জিতলেও আবাহনীর লাভ ক্ষতির হিসাব নেই।
তবে এখানে মর্যাদার বিষয় আছে। বিশেষ করে বসুন্ধরা কিংসের বিপক্ষে লড়াই। কিংস এবং আবাহনীর লড়াই ঠান্ডা যুদ্ধের সমান। এই দুই দলের খেলোয়াড়দের মধ্যে যতটা না লড়াই হয়, তার চেয়েও ঢের বেশি লড়াই হয় দুই দলের কর্মকর্তাদের মধ্যে। তাদের মনস্তাত্ত্বিক লড়াইটা বেশি।
বসুন্ধরা কিংস আগেই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আবাহনীও লিগ রানার্সআপ হয়েছে। আবাহনী দুই ম্যাচ হেরে গেলেও সমস্যা নেই। রানার্সআপ পজিশন নিশ্চিত। তবুও আজকের ম্যাচ নিয়ে কিংস এবং আবাহনীর ডেরায় বাড়তি উত্তেজনা থাকবে। মর্যাদার লড়াই বলে কথা। এখানে রেফারিকেও সাবধান থাকতে হচ্ছে। বসুন্ধরা কিংসের বেশির ভাগ ফুটবলারই জাতীয় দলে খেলে এসেছেন। সাফে তারা দারুণ পারফরম্যান্স করেছেন।
