আরটিভি’র সাংবাদিক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে রাজারবাগ পীর সিন্ডিকেটের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রতিবাদে শুক্রবার সকালে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে। রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা চত্ত্বরে ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে মানববন্ধনটি আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেক কথা হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটি সংশোধন করা হবে। কিন্তু সংসদে যারা অংশীদার আছে তাদেরকে কি ডাকা হয়েছে? তাদেরকে কি বলা হয়েছে? কোন কোন ধারাগুলো সংশোধন করলে সাংবাদিক বিবর্তনমূলক ধারা বাতিল হবে? অথবা তোমরা খুশি হবে। তোমাদের পেশার নিরাপত্তা থাকবে। বরং আমরা দেখছি যখনই সংশোধনের কথা বলা হচ্ছে তখন একের পর এক মামলা হচ্ছে। আরটিভি’র সাংবাদিক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে রাজারবাগ পীরের সিন্ডিকেটের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাতিল এবং অগ্রহণযোগ্য ঘোষণা করে বিবৃতি প্রকাশ করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, নুরুল ইসলাম হাসিব, সাবেক যুগ্মসম্পাদক জামিউল আহসান সিপু, শাহনাজ শারমিন, রিপোর্টার্স এগেইনস্ট করাপশন-(র্যাক) সাধারণ সম্পাদক জেমসন মাহবুব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক এসএম ফয়েজ, ডিআরইউ’র সাবেক নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, সাবেক কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, আরটিভি’র সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
