রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার বিকালে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার ছোট সেনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল রানা। নিহত এবং আহত সবার বাড়ি নাটোরে বলে তারা জানতে পেরেছেন।'
আরও পড়ুন: দেশের তরুণরাও বিশ্বে সাড়া জাগাতে পারে: তথ্যমন্ত্রী
এসআই জাহিদুল ইসলাম বলেন, 'বিকালে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রাজশাহীর দিকে আসছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ইত্তেফাক/জেডএইচডি
