বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক চলছে। শনিবার (১৫ জুলাই) সকাল ৯টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে রয়েছেন ছয়জন। সঙ্গে আছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
অপরদিকে, বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশ মূল্যায়নসহ নানা বিষয় পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথা রয়েছে তাদের। এরই মধ্যে প্রতিনিধিদলটি সরকারের কয়েকজন উচ্চ পর্যায়ের সদস্য, নিরাপত্তা কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেলসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছে।
ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলবে। এরই মধ্যে তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, এবি পার্টিসহ ১৪-১৫টি নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে। এরই অংশ হিসাবে আজ বিএনপির সঙ্গে বৈঠক হচ্ছে।
নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে ইইউ কিছু নীতিমালা অনুসরণ করে। সাধারণত নির্বাচন অংশগ্রহণমূলক না হলে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকলে তারা নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠায় না। গত দুই নির্বাচনে কোন পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। এবারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ইইউ এই অনুসন্ধানী মিশন পাঠিয়েছে।
