থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গত পরশু ক্যারিয়ারের সেরা টাইমিং করে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ঐ দিন ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের অতীত টাইমিংকে ছাড়িয়ে যান তিনি। সবমিলিয়ে হিটে ষষ্ঠ সেরা টাইমিং ছিল ইমরানুরের।
গতকাল শুক্রবার ক্রীড়াঙ্গনের সবার নজর ছিল তার দিকেই। কারণ কোনোমতে সেমিফাইনাল কাটিয়ে ফাইনালে উঠতে পারলেই তো হয়ে যেত নতুন কীর্তি। প্রথম বারের মতো ফাইনালে উঠতেন কোনো বাংলাদেশি, তবে তা আর হলো না। অল্পের জন্যই ছিটকে গেল সেমিফাইনাল থেকে।
শুক্রবার ১০০ মিটার সেমিফাইনালে ছিলেন ২৪ জন। যেখানে তিনটি হিট অনুষ্ঠিত হয়। তৃতীয় হিটে অংশ নেন বাংলাদেশের ইমরানুর। নিয়ম অনুযায়ী প্রতি হিটের প্রথম দুই জন এবং বাকিদের মধ্যে সর্বোচ্চ দুই টাইমিংধারী ফাইনালে খেলবেন। আট ফাইনালিস্টের মধ্যে অস্টম ও নবম অ্যাথলেটের টাইমিং ১০.৩৮ সেকেন্ড। আর ইমরানুরের চেয়ে তাদের মাত্র ০.০২ কম।
শেষ অবদি ২৪ সেমিফাইনালিস্টের মধ্যে ইমরানুর ১০.৪০ টাইমিংয়ে ১১তম হয়েছেন। যা বৃহস্পতিবারের চেয়ে ০.১৫ সেকেন্ড বেশি। মূলত ৮০ মিটার পর্যন্ত ইমরানুর ভালো অবস্থানে ছিলেন। তারপরই হঠাৎ ছন্দপতন হয়। তা না হলে তিনি নিজের হিটে এক বা দুইয়ের মধ্যে থেকেই দৌড় শেষ করতে পারতেন।
