রাজধানীর মিরপুরে ইতি বেগম নামে ২৭ বছরের এক নারী চোরকে আটক করা হয়েছে। শুক্রবার ( ১৪ জুলাই) সন্ধ্যায় মিরপুর ১০নম্বর গোল চত্বরের হুপ মার্কেট থেকে তাকে আটক করে পুলিশ।
অভিযুক্ত ইতি তার ছোট বাচ্চা কোলে নিয়ে ঘুরেন। এরপর সুযোগ বুঝে নারীদের মোবাইল, ভ্যানিটি ব্যাগ চুরি করেন।
আটক ইতি সাভার থানার আশুলিয়া চারবাগ এলাকার মৃত শহিদ হোসেনের মেয়ে।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ইতি একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন বাসায়, দোকানে গিয়ে চুরি করেন। মানুষ যাতে সন্দেহ না করে সেজন্য কোলে বাচ্চা নিয়ে ঘুরেন। আবার ধরা পরে গেলে বাচ্চাসহ কান্নাকাটি করেন, ফলে দয়াপরবশ হয়ে মানুষ ছেড়ে দেয়। অথাৎ বাচ্চাকে পুঁজি করে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের সামনে ঘুরে বেড়ান। এরপর সুযোগ বুঝে ভ্যানিটি ব্যাগ, মোবাইল নিয়ে সরে পরেন। শুক্রবার সন্ধ্যায়ও হুপ মার্কেটে একই কায়দায় দুটি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে উপস্থিত জনতা তাকে ধরে ফেলে। পরে থানায় সংবাদ পাঠালে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
