কাজলকে বাইক নিয়ে তাড়া করেছিলেন ফটোসাংবাদিকরা

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৯:২৮

তিন দশক ধরে অসাধারন অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। বড় পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মেও পা রেখেছেন তিনি। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এই সিরিজের প্রচারেই ব্যস্ত আছেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির ছিলেন কাজল। ওই অনুষ্ঠানেই স্মৃতিচারণ করতে গিয়ে কাজল বিরক্ত প্রকাশ করে জানালেন ফটোসাংবাদিকরা নাকি একসময় তাকে বাইক নিয়ে তাড়া করেছিলেন। 

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী,সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে কাজল অভিযোগ করে জানালেন, দিন দিন বাড়তে থাকা ফটোসাংবাদিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন তিনি।

 কাজলের কথায়, ‘কিছুদিন আগে আমি বান্দ্রার কাছে গিয়েছিলাম। আমার গাড়ি দেখতে পেয়েই বাইকে করে বেশ কয়েকজন ফটোসাংবাদিক আমার পিছু নেন। বাইকে করে সেই যে তাড়া করা শুরু করেছেন, থামছেন আর না। এমন নয় যে আমি সেখানে কোনও পেশাগত কারণে গিয়েছি। কোনও ব্যক্তিগত কাজও তো থাকতে পারে।’

কাজলের দাবি, ‘ ফটোসাংবাদিকদের এই সংস্কৃতিটা এখন পেন্ডুলামের পর্যায়ে চলে গিয়েছে। যেটা এক বার শুরু হলে আর থামে না।’ 

কাজল ছাড়াও ইদানিং ফটোসাংবাদিকদের আক্রমণের প্রতি বিরক্ত হয়েছেন অনেকেই। তাপসী পান্নু থেকে জয়া বচ্চন পর্যন্ত অনেককেই, ফটোগ্রাফারদের ছবি তোলার চেষ্টা করার সময় ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে দেখা গেছে।

অন্যদিকে, আলিয়া ভাট এবং আনুশকা শর্মাও কিছুদিন আগে ফটোগ্রাফারদের গোপনীয় আক্রমণে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। 

ইত্তেফাক/পিএস