ফুটবল বিশ্বে কারও জায়গা স্থায়ী নয়: সালাউদ্দিন

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২০:১৮

দীর্ঘ নয় মাস পর নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (১৬ জুলাই) নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাবিনা-সানজিদারা। দ্বিতীয় ম্যাচের আগে উৎসাহ দিতে নারী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি (বাফুফে) কাজী সালাউদ্দিন। এই সময় দলের প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বোনাস দিয়েছেন বাফুফে সভাপতি।

দীর্ঘদিন পর কোচ গোলাম রব্বানী ছোটনকে ছাড়া নেপালের বিপক্ষে মাঠে নেমে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। কোচ পরিবর্তন প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘কোচ পরিবর্তনের প্রভাব পড়েছে। কোচ ভালো না করলে কোচ থাকবে না, খেলোয়াড় ভালো না করলে বাদ পড়বে। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ফুটবল বিশ্বে কারও জন্য কোনও স্থায়ী জায়গা নেই। এখানে কোচ, খেলোয়াড় আসবে-যাবে এটাই স্বাভাবিক ব্যাপার।’

ফুটবলারদের উদ্দেশ্যে বাফুফে সভাপতি আরও বলেন, ‘শেষ ম্যাচে মেয়েরা ভালো খেলেছে। অনেক দিন পর খেলার কারণে ওদের একটু সমস্যা হয়েছে। আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি, তাই তাদের আরও বেশি সিরিয়াস হতে হবে। ওদের বলেছি, বাইরে কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে না ভেবে ফুটবলে মনোযোগ দিতে।’

ইত্তেফাক/জেডএইচ