ধানমন্ডিতে গৃহকর্মীর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০০:৩৪

রাজধানীর ধানমন্ডির একটি বাড়ির ৬ষ্ঠ তলার বারান্দা থেকে পড়ে নাসিমা আক্তার (১৯) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কেন কীভাবে ঐ গৃহকর্মী মারা গেছেন, সে বিষয়ে জানে না তার পরিবারের সদস্যরা। ঘটনাটি সুষ্ঠু তদন্তের দাবি তাদের।

গত শুক্রবার রাত ১২টার দিকে ধানমন্ডির ১ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মারা যান তিনি।

এ বিষয়ে ধানমন্ডি থানার এসআই মুয়ীদ খান জানান, গৃহকর্ত্রী লায়লা নাহিদের বাসায় তিন মাস যাবত কাজ করতেন ঐ গৃহকর্মী। শুক্রবার রাতে বাসার কাজ শেষ করে ৬ষ্ঠ তলার বারান্দা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে বলে গৃহকর্ত্রী পুলিশের কাছে দাবি করেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। মৃত নাসিমার মা নাজমা বেগম জানান, তাদের বাড়ি ভোলার সদর উপজেলার কাচিয়া কালিকানগর গ্রামে।

বর্তমানে সাভার ফুলবাড়িয়া তেঁতুলতলা এলাকায় থাকেন। নাসিমার বাবা জাহাঙ্গির আলম মোহাম্মদপুরে একটি বাসায় দারোয়ানের কাজ করেন। আর নাসিমা কিছু দিন আগেও সাভারে একটি গার্মেন্টসে চাকরি করতেন। ৮-৯ মাস আগে নাসিমা ধানমন্ডির ঐ বাসায় কাজ করতেন। তবে ছয় মাস আগে কাজ ছেড়ে দিয়ে এক ছেলেকে বিয়ে করেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিন মাস ধরে আবার ঐ বাসায় কাজ নেন। সেখানেই থাকতেন তিনি। গতকাল সকালে পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, নাসিমা ঢাকা মেডিক্যালে মারা গেছেন। কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই জানে না পরিবার। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের।

ইত্তেফাক/এমএএম