সৌদিতে আগুনে মৃত চার জনই বাগমারার

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:৪২

সৌদি আরবে আগুনে পুড়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে চার জনেরই রাজশাহীর বাগমারার বাসিন্দা। এর মধ্যে তিন জনের বাড়ি ঝিকড়া ইউনিয়নে  ও অন্য জনের যোগিপাড়া ইউনিয়নে।

তারা হলেন বারইপাড়া গ্রামের রুবেল হোসনে (২৬), সাজেদুল ইসলাম (৪৫), রুবেল আলী (২৭) ও বড়মাধাইমুড়ি গ্রামের ফিরোজ আলী সরদার (৩৮)।

শুক্রবার বিকেল ৪টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার পর্বে আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকার এক সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত রুবেল হোসেনের বাবা জফির উদ্দিন বলেন, শুক্রবার (১৪ জুলাই) তাদের মৃত্যুর খবর পেয়েছি। তবে নিশ্চিত হতে পারেননি। শনিবার ( ১৫ জুলাই)  সকালে সেখানে থেকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাজেদুল ইসলাম আট বছর ধরে সৌদি আরবে আছেন। সে মারা গেছেন। তারা এক সঙ্গে থাকতো ।

এদের হাত ধরে একই কোম্পানিতে চাকরি নিয়েছিলেন একই গ্রামের রুবেল আলী। সাত মাস আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। এর মধ্যে লাশ হলেন তিনি।

যোগিপাড়া ইউনিয়নের বড় মাধাইমুড়ি গ্রামের ফিরোজ আলী সরদার  ছয় বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন।

বাবা আনিছার রহমান বলেন, ছেলে কিছু টাকা জমিয়ে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ বলেন, ছেলেটি খুবই ভদ্র ছিল। মাত্র দুই বছর আগে গিয়ে সেখানে ওই কারখানায় চাকরি নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষে পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া হচ্ছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী জানান, নিহতদের পরিবার প্রতি প্রাথমিক  সহযোগিতা হিসাবে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো সহযোগিতা করা হবে। 

রাজশাহীর  জেলা প্রশাসক শামিম আহম্মেদ শোকার্ত পরিবারের সমবেদনা জানান এবং  লাশ দেশে আনার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ইত্তেফাক/আরএজে