রাজধানীর খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে জনসচেতনতামূলক কর্মসূচি করেছে রাজউক। এ সময় ডেমরা এলাকায় নির্মাণাধীন পাঁচটি ভবন মশার লার্ভা শনাক্ত করা হয়।
রোববার (১৬ জুলাই) সকাল থেকে কর্মসূচি শুরু হয়ে দুপুরে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রাজউকের অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া।
রাজউক সূত্র জানায়, মশক নিধনে সারা বছরই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে রাজউক। কিন্তু চলতি বছর বর্ষা মৌসুমের শুরু থেকে নগরে এডিস মশার উপদ্রব অনেক বেড়েছে। বহু মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। এমন অস্থায় অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
স্থানীয় বাড়িওয়ালা নাদিম বলেন, আমার বাড়ির নিচতলায় এক ফিটের বেশি বৃষ্টির পানি জমে রয়েছে। সেখানে মশা উড়ছে। আমি যেখানে মশার ওষুধ ছিটানো দরকার, তা ছিটাবো।
রাজউক কর্মকর্তা জান্নাতুল মাওয়া জানিয়েছেন, রাজধানীতে ডেঙ্গু রোগী বাড়ছে, যা উদ্বেগজনক। ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে রাজউক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নগরীর নির্মাণাধীন পাঁচটি বাসার ভবন ও মশার লার্ভা শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের সতর্ক করা হয়েছে। পরবর্তী কর্মসূচিতে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া ডেঙ্গু রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো হয়েছে।
