‘প্রিয়তমা’র ‘গভীরে’

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৮:০৫

শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটির পাশাপাশি তুমুল জনপ্রিয় হয়েছে এই সিনেমার গুলো। এই সিনেমার মুখে মুখে ফেরা গান গুলো লিখেছেন নন্দিত গীতিকবি জাহিদ আকবর। রোমান্টিক আবহের ‘গভীরে’ গানটি সবাইকে মুগ্ধ করেছে। এতে কণ্ঠ দিয়েছেন রেহান রসুল ও প্রিয়াংকা গোপ। সুর এবং সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক সাজিদ সরকার। 

সিনেমা মুক্তির প্রায় ১৩ দিন পর গানটি প্রকাশ্যে আসে আর শ্রোতা-দর্শকেরাও সাথে সাথে লুফে নেয়। যার দরুণ গানটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। প্রতিবেদন লিখা পর্যন্ত গানটি দেখেছেন ২৮ লাখেরও বেশি দর্শক। মন্তব্য জমা পড়েছে প্রায় দুই হাজারের মতো।

গীতিকবি জাহিদ আকবর বলেন, ছবিটির গল্পে শাকিব খানের যে বৃদ্ধ লুক রয়েছে, সেটার ধারণা পেয়েই গানটি লিখতে উৎসাহী হয়েছিলাম। তাকে এমন লুকে আগে কখনো দেখেনি দর্শক। তখন আমার কাছে মনে হয়েছে যে, এই সিনেমার অংশ হতে পারাটা আমার জন্য ভালো লাগার হবে। অনেকেই গানটি পছন্দ করছেন, নিজেদের ভালো লাগার কথা, অনুভূতি শেয়ার করছেন। আমি মুগ্ধ হয়ে এই ভালো লাগাগুলো অনুভব করছি।’

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’য় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন ও সহীদ উন নবী প্রমুখ।

 

ইত্তেফাক/পিএস