অক্টোবরে ঢাবিতে বিশেষ সমাবর্তন, বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ২১:৪৭

চলতি বছরের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বিশেষ সমাবর্তন। এ সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে।

রোববার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয় জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গর্বিত শিক্ষার্থী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবর্তন বক্তার অক্টোবর মাসের সুবিধাজনক যেকোনো দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সা‌লের ২০‌শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশতবর্ষ জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির যৌথ সভায় জাতীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বঙ্গবন্ধু‌কে মরণোত্তর সম্মানসূচক পিএইচ‌ডি প্রদানের প্রস্তাব ক‌রে‌ন।

ইত্তেফাক/এবি