সড়কে ঝরলো ৭ প্রাণ

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০২:০০

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। রবি ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

টেকেরহাট (মাদারীপুর): মাদারীপুরের ডাসারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনেরর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মেহেদী হাসান (২৪) ও মো. হাফিজ (৩১)। রোববার ভোররাত ও ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই ও পাথুরিয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, পৃথক স্থানে বাস চাপায় দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সকাল ৭টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ): রায়গঞ্জের চান্দাইকোনায় গরুবোঝাই ট্রাকের চাপায় ফাতেমা খাতুন জিম (১৮) ও তার চাচি খাদিজার (২৫) মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় জনতা ট্রাকটি আটক করে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম সহি (১০)। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া ইউনিয়নের আথাইলশিমুল এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ইজিবাইকের ধাক্কায় আহত শিক্ষার্থী সহির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর খবর পেয়েছি।

বিরামপুর (দিনাজপুর): বিরামপুরে পিকআপের ধাক্কায় আহত মোটরসাইকেল চালক আব্দুল মালেক মণ্ডলকে (৪৬) শনিবার রাতে চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ।

চিরিরবন্দর (দিনাজপুর): চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি হলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য রুহুল আমীন (৩৯)। রবিবার দুপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কের চম্পাতলী ফকিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার ওসি মো. সিদ্দিকুর রহমান। 

ইত্তেফাক/এমএএম