সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৬৩ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক ও বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ জুলাই) হাসনাবাজ জামে জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে একটি কাঁঠালের নিলাম নিয়ে স্থানীয় মালদার মিয়ার গোষ্ঠীর সঙ্গে শেখ ফরিদ ও দ্বীন ইসলাম গোষ্ঠীর বাকবিতণ্ডা শুরু হয়। এ ঘটনার জেরে সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় হাসনাবাজ গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের ঘটনায় দ্বীন ইসলাম গোষ্ঠীর নুরুল হক, আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া ও মালদার মিয়ার গোষ্ঠীর আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া মারা যান। পরদিন রাতে মালদার মিয়ার পক্ষের মোখলেছুর রহমান নামে আরও একজন মারা যায়।
শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ঘটনার ছয় দিন পর নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক বাদী হয়ে মালদার মিয়ার গোষ্ঠীর ৬৯ জন ও নিহত বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে ৯৪ জনকে আসামি করে পৃথক দুটি হত্যা মামলা করেন।
