মুকেশ আম্বানির রিলায়েন্স কিনছে আলিয়ার পোশাক ব্র্যান্ড

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৯:৩০

বলিউড-হলিউডের পাশাপাশি পোশাকের ব্যবসাও সামলাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট । এবার সেই ব্যবসাকে নাকি মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ব্র্যান্ডসের কাছে বিপুল টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট চালু করেছিলেন তার পোশাক ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’। শিশুদের জন্য কম দামে ভালো মানের পোশাক বিক্রি করার উদ্দেশে চালু করা পোশাক ব্র্যান্ডটি বর্তমানে কিনে নিতে চলেছে ভারতের শীর্ষ ধনী গ্রুপ মুকেশ আম্বানির রিলায়েন্স। ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার বিনিময়ে তারা এই ব্র্যান্ড কিনবে বলে জানা গেছে। মোটামুটি সব ফাইনাল হয়ে গেছে এবং আগামী ১০ দিনের মধ্যে এগ্রিমেন্ট হয়ে যাবে দুই ব্র্যান্ডের মধ্যে।

জানা যায়, ফার্স্ট ক্রাই, আজিও, মিন্ট্রা, অ্যামাজন, টাটা ক্লিক ইত্যাদিতে ই-কমার্স সাইটের মাধ্যমে আলিয়ার ব্র্যান্ডের পোশাক ব্যাপকভাবে বিক্রি হয়। এ ছাড়া লাইফস্টাইল এবং শপার্স স্টপেও এই ব্র্যান্ডের পোশাক পাওয়া যায়। মূলত ৪ থেকে ১২ বছর বয়সীদের জন্য এই ব্র্যান্ড চালু করা হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে একদম ছোটদের জন্য বডিস্যুট, স্লিপ স্যুট নিয়ে আসা হয়।

বর্তমানে আলিয়া অভিনীত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ এবং হলিউডের ‘হার্ট অফ স্টোন’- মুক্তির অপেক্ষায় রয়েছে।

ইত্তেফাক/পিএস