টাঙ্গাইলের মধুপুরে রাস্তার পাশের ডোবা থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকালে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মো. আকাশ মিয়া (৫), হারুন অর রশিদের সাড়ে চার বছর বয়সি ছেলে নাইম হোসেন ও শোলাকুড়ি ইউনিয়নের শোলাকুড়ী দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে সোহান (৭)।
জানা যায়, সোমবার বিকালের দিকে শিশুরা মিলে খেলা করছিল। বেলা তিনটার দিকে শিশুদের দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি করতে শুরু করেন। বিকাল সাড়ে চারটার দিকে ডোবার পানিতে শিশুদের ভাসতে দেখেন এলাকাবাসী। শিশুদেরকে ডোবা থেকে উঠানোর আগেই তিন শিশুর মৃত্যু হয়।
মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, তিনটি শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
