খুলনায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় এএসআই ক্লোজড

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৬:১৮

খুলনার পাইকগাছায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় নাসির উদ্দীন নামে এক এএসআইকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।  মঙ্গলবার (১৮ জুলাই) সকালে নাসির উদ্দীনকে প্রত্যাহার করে খুলনা পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। 

জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (৪০) ডাকাতির প্রস্তুতি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক করেন এএসআই নাসির উদ্দীন। হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার সময় পৌর সদরের বাজার মোড়ে পুলিশকে জখম করে হাতকড়াসহ পালিয়ে যায় মনিরুল। পরে রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাতিখালীর ওয়াপদা এলাকা থেকে আবার তাকে গ্রেপ্তার করা হয়। 

পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ডাকাতি মামলার আসামি মনিরুল হাতকড়াসহ পালিয়ে যান। পরে ওই আসামিকে অন্য এক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এএসআই নাসির উদ্দীনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/এবি