আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি: আজ যেসব সড়ক এড়িয়ে চলবেন

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:১৪

বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে মঙ্গলবারের মতো বুধবারও পদযাত্রা করছে বিএনপি। অন্যদিকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

দুই দলের কর্মসূচি রাজধানীর ঢাকার একটি বড় অংশ জুড়ে বিস্তৃত থাকবে। রাজধানীতে এ ধরনের কর্মসূচি থাকলে সাধারণত দীর্ঘ যানজটের তৈরি হয়। আজ যেসব সড়কে দুই দলের কর্মসূচি থাকছে ওইসব সড়ক এড়িয়ে চললে যানজট থেকে মুক্ত থাকা যাবে।

আজ যেসব সড়কে দুই দলের কর্মসূচি  
বুধবার সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে পদযাত্রা শুরুর আগে সমাবেশ করে বিএনপি। সমাবেশ শেষে পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

আর অন্যদিকে, বিকেল ৩টায় রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকবেন।

ইত্তেফাক/কেকে