সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারি বাড়ির সৌন্দর্য রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে ৩টি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত বছরের ১৬ আগস্ট কাছারি বাড়ি এলাকার সৌন্দর্য বিকৃতির অভিযোগে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত।
বুধবার (১৯ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
হাইকোর্টের নির্দেশনাগুলো হচ্ছে, রবীন্দ্র কাছারি বাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বিকৃত করে এমন কোনো ভবন ও স্থাপনা আছে কিনা, তা তদন্ত করে দেখা, তদন্তে কাছারি বাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বিকৃত করে এমন কোনো ভবন ও স্থাপনা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও রবীন্দ্র কাছারি বাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য রক্ষার্থে পার্শ্ববর্তী জমি ও ভবনের ব্যাপারে যথাযথ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ।
উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ির আশেপাশের এলাকায় আইন অমান্য করে ভবন নির্মাণের সংবাদ প্রকাশিত হওয়ায় ২০১৪ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর উচ্চ আদালতে রিট আবেদন করে। একই বছরের ৫ আগস্ট হাইকোর্ট ভবন নির্মাণ বন্ধের আদেশ দেন।
