সম্প্রতি নারী দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান গোলাম রব্বানী ছোটন। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চীনের হাংঝুতে হতে যাচ্ছে এশিয়ান গেমস। আর এই টুর্নামেন্টে নারী দলের কোচের ভূমিকায় দেখা যাবে সাইফুল বারী টিটুকে। এশিয়ান গেমসে নারী দলের কোচের দায়িত্ব পাওয়ার বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিজেই নিশ্চিত করেছেন এই কোচ।
ছোটনের পদত্যাগের পর নারী দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে কোচ হিসেবে দেখা যায় মাহবুবুর রহমান লিটুকে। তবে এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবল দলের জন্য অভিজ্ঞ কোচ খুঁজছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। জাপান অথবা কোরিয়া থেকে অভিজ্ঞ কোচ আনার পরিকল্পনা ছিল। তবে পর্যাপ্ত সময় না থাকায় দেশের অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটুকে দায়িত্ব দিয়েছে বাফুফে।
বাংলাদেশের ফুটবলে পরিচিত মুখ সাইফুল বারী টিটু। ২০১০ ও ২০১৪ সালে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ঘরোয়া ফুটবলে মোহামেডান, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনীসহ বেশ কিছু ক্লাবে কোচ হিসেবে দায়িত্ব পাপল করেছেন তিনি।
