পাবনায় এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৯:৪৭

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ রাসেল আলী মাসুদ ও তার স্ত্রী নাছরিন আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক।

বুধবার (১৯ জুলাই) দুর্নীতি দমন কমিশন পাবনার সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. খাইরুল হক বাদী হয়ে এ মামলা করেন।

অভিযুক্ত শেখ রাসেল আলী মাসুদ পাবনা সদরের রামচন্দ্রপুর মহল্লার আব্দুল করিমের ছেলে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

দুদক সূত্র জানায়, শেখ রাসেল আলী মাসুদকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার পর পরবর্তীতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করেননি। দুদকের অনুসন্ধানে ধরা পড়ে তার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের তথ্য। তার সার্বিক আয় ও স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৯২৯ টাকার সম্পদের সন্ধান পায় দুদক।

এছাড়াও সংসদ সদস্যের পিএস শেখ রাসেল আলীর স্ত্রী, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাছরিন আক্তার দুদকের সম্পদ বিবরণী ফরম উত্তোলন করলেও কমিশনে দাখিল করেনি। জ্ঞাত আয়বর্হিভূত ২৭ লাখ ২০০ টাকার সম্পদ ভোগ করার অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযুক্ত শেখ রাসেল আলী মাসুদ বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। একটি মহল বিভিন্নভাবে ফাঁসানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দুদকের মামলাও তার অংশ। আইনগতভাবেই মোকাবিলা করবো।

দুদক সমন্বিত কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. খাইরুল হক বলেন, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রচলিত আইন অনুযায়ী মামলা করা হয়েছে।

ইত্তেফাক/এবি