ভাগনের বাড়ি দখল, আদালতের নির্দেশে ফেরত দিলেন খালা

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২৩:৪৯

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এক প্রবাসীর দখল হওয়া বাড়ি উদ্ধার করা হয়েছে। বাড়িটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল।

বাড়িটির মালিক লন্ডন প্রবাসী জাবের আহমেদ। স্থানীয়ভাবে এটি দেখাশোনার দায়িত্বে ছিলেন তার আত্মীয় মো. রাজ্জাক। তিনি বলেন, ২০১৫ সালে ৪২ শতক জমিসহ বাড়িটি দখলে নেন জাবের আহমেদের খালা কলকলিয়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের একলি বেগম। পরে মালিকানা নিয়ে দুই পক্ষই আদালতে মামলা করেন। সম্প্রতি আদালত জাবেরের পক্ষে রায় দিয়েছেন।

রায় পাওয়ার পর একলি বেগমের ভাইয়ের ছেলে জুয়েল মিয়া গতকাল রবিবার (১৬ জুলাই) জাবেরের পক্ষের মো. রাজ্জাকের হাতে বাড়ির চাবি তুলে দেন। এসময় স্থানীয় ইউপি সদস্য মিল্লাদ হোসেন, কুবাজপুর গ্রামের মো. কাজল মিয়া, আনহার মিয়া, সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য মিল্লাদ হোসেন বলেন, বাড়িটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। মূল মালিক জাবের আহমেদের খালার দখলে ছিল এটি। মালিকানা নিয়ে তাদের দ্বন্দ্ব আদালতে গড়ায়। তবে শেষপর্যন্ত শান্তিপূর্ণভাবে বিষয়টির মিমাংসা হয়েছে।

ইত্তেফাক/এসটিএম