বিমা খাতের কোম্পানির শেয়ারের দাপটে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। টানা দুই দিন দরপতনের পর গতকাল মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে বিমা খাতে তালিকাভুক্ত ৫৭টি কোম্পানির শেয়ারে মধ্যে ৪৭টির দাম বেড়েছে। মাত্র একটি কোম্পানির শেয়ারদর কমেছে। অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারদর। অন্য কোনো খাতের কোম্পানির শেয়ারদর বাড়ার ক্ষেত্রে এতটা দাপট দেখা যায়। আর বিমা খাতের দাপটে সূচকও বেড়েছে। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৫.০৭ পয়েন্ট বেড়ে ৬৩৬৬.১৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএস-৩০ মূল্য সূচক ২.৫১ পয়েন্ট বেড়ে ২২০০.২৮ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) শূন্য দশমিক ৪২ কমে ১৩৮৭ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল লেনদেনকৃত মোট ৩৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি দর। দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনকৃত শীর্ষ ১০টি কোম্পানি হলো: ফু-ওয়াং ফুড, সি পার্ল বিচ, আরডি ফুড, খান ব্রাদার্স পিপি, মিডল্যান্ড ব্যাংক, ইয়াকিন পলিমার, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এডভেন্ট ফার্মা ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০ পয়েন্টে। লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির দাম।
