ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে নিজেদের শক্তির জায়গা চিন্তা করে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। তবে এদিন ভারতের দুই ব্যাটার জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীতের কল্যাণে বড় সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে লড়াইয়ের চেষ্টা করলেও চতুর্থ উইকেট পতনের পর ১৪ রানের ব্যবধানে বাকি ৬ উইকেট হারানোর পর ১০৮ রানের বড় হারের তিক্ত স্বাদ নেয় জ্যোতি বাহিনী।
ভারতের বিপক্ষে প্রথম জয় পাওয়ার পরের ম্যাচেই এমন হার কিছুটা দৃষ্টিকটুই। তবে ম্যাচ শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা নাহিদা আক্তার এমন ব্যর্থতার দায় মিডল অর্ডার ব্যাটারদের কাঁধেই দিয়ে দিলেন।
বুধবার ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ উইকেটে ফারজানা হক পিংকি ও রিতু মণির জুটিতে বেশ ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎই যেন ঘটে ছন্দপতন। ১৪ রানে নিজেদের শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এর মধ্যে টানা তিন ব্যাটার হন স্ট্যাম্পিং।
এ নিয়ে ম্যাচ শেষে নাহিদা বলেন, ‘আমরা যারা মিডলে ব্যাটিং করি, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে নিতে পারছি না। এর জন্য শেষের দিকে আমাদের এতগুলো উইকেট পড়তেছে। কোচরা আমাদের নিয়ে কাজ করছেন, আমরা শতভাগ দিতে পারছি না, করতে পারছি না। এটা আমাদের কমতি, আমরা যারা শেষের দিকে ব্যাটিং করছি।’
নাহিদা আরও বলেন, ‘পিংকি আপু ও রিতু আপু যখন ব্যাটিং করছিলেন, মোমেন্টামটা আমাদের দিকেই আসছিল। কিন্তু আমরা যারা মিডল অর্ডারে ব্যাট করেছি, আমি বা রাবেয়া- যারা শেষের দিকে ব্যাটিং করেছি, দলের দায়িত্ব নিতে পারিনি। যার ফলে রানও বড় করতে পারিনি। উইকেট হারিয়েছি দ্রুত।’
এসময় প্রথম ম্যাচের উইকেটের তুলনায় এ ম্যাচের উইকেট ভালো ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের উইকেট একটু ভালো ছিল। আমরা ফল ডাউন করেছি, তাই হেরেছি। যেহেতু আমাদের বোলিংটা শক্তিশালী, তাই ওভাবে আমাদের পরিকল্পনা করা ছিল। আমরা যদি গত ম্যাচের চেয়ে আরেকটু ভালো বল করি, তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু ভালো হবে, আমাদের জন্য সুবিধার হবে।’
