নারায়ণগঞ্জ ও দামুড়হুদা বুধবার (২০ জুলাই) সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। ইত্তেফাক প্রতিনিধি পাঠানো তথ্যে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা কুড়ুলগাছি গ্রামের সেতুর ছেলে ও নারায়ণগঞ্জ কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র রাতুল (২২) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকার মো. সম্রাট মিয়ার ছেলে আহমেদ তন্ময় (১৭)।
চুয়াডাঙ্গার দামুড়হুদার দুর্গাপুর মাদরাসার সামনে দু’মোটসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় অপর এক যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, রাত ৮ টার দিকে দর্শনা কার্পাসডাঙ্গা সড়কের দ্রুত গতিতে দুদিক থেকে দুটি মোটরসাইকেল চলছিল। মোটরসাইকেল দুটি দুর্গাপুর মাদরাসার সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। সংবাদ পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাতুলের লাশ উদ্ধার করে থানায় আসে এবং গুরুতর আহত অজ্ঞাত অপর যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় ট্রাক ধাক্কায় তাহের আহমেদ তন্ময় নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শিক্ষার্থীর বাবা মো. সম্রাট মিয়া জানান, কোচিং শেষ করে বাসায় ফেরার পথে ভোলাইল কেন্দ্রীয় মসজিদের পাশে রাস্তায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
