লক্ষ্মীপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সহিংসতা ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে কৃষকদলের কর্মী মো. সজীবের হত্যার ঘটনায় নিহত ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এছাড়া বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে অ্যাডভোকেট নুরুল আমিন রাজু বাদী হয়ে আরেকটি মামলা করেন।
এই চার মামলায় মোট সাড়ে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার বিষয়ে জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, মঙ্গলবার (১৮ জুলাই) সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, আগুন, ভাঙচুরের ঘটনায় বুধবার (১৯ জুলাই) রাতে সদর থানা পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে একই সময়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় সদর থানার এসআই মোজাম্মেল হোসেন বাদী পৃথক আরেকটি মামলা দায়ের করেন। মামলায়ও জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে।
