রুশ অধিকৃত ক্রিমিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এতে সেখানকার প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এতে একজন কিশোরী নিহত হয়েছে। মস্কো নিযুক্ত গভর্নর এ তথ্য জানান। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে সের্গেই আক্সিওনোভ লিখেছেন, শত্রুর ইউএভি হামলার কারণে ক্রিমিয়ার উত্তর-পশ্চিমে চারটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে একজন কিশোরীও নিহত হয়েছে।
২০১৪ সালে ইউক্রেনের এ উপদ্বীপ দখলে নেয় রাশিয়ান বাহিনী। তবে ক্রিমিয়ায় সবশেষ এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইউক্রেনের বাহিনী।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০-এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত