রাণীশংকৈলে পুকুরে হাঁস খেলায় নেমে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০১:১৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের মহলবাড়ি এলাকায় পুকুরে হাঁস খেলায় নেমে  আল-আমীন হোসেন হৃদয় (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  

আল আমিন পৌর শহরের মহলবাড়ী গ্রামের হাসান আলীর ছেলে। সে কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে ছাত্র ছিল।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে পৌর শহরের ৯ নং ওয়ার্ডে রশিদের ইট ভাটা সংলগ্ন পুকুরে স্থানীয় কয়েকজন যুবক ওই পুকুরে হাঁস খেলার আয়োজন করে। তাদের আমন্ত্রণে ওই খেলা দেখার জন্য স্থানীয় পৌর কাউন্সিলর মিঠুন রানা সেখানে যান। 

খেলা চলাকালে আল আমীন সেখানে এসে  উৎসাহিত হয়ে এক পর্যায়ে ওই নেমে পড়ে। সে সময় আরও ৮/৯জন প্রতিযোগী পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতা করছিল। পুকুরের পানিতে নেমে আল আমিনও হাঁসের পিছনে ধাওয়া করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে কাউন্সিলর মিঠুন রানা বলেন,  স্থানীয় কয়েকজন যুবক আমাকে আমন্ত্রণ করে জোর করে ওই খেলা দেখতে নিয়ে যায়। সেখানে  কিছুক্ষণ থেকে আমি আমার কাজে হরিপুরে চলে যাই। 

ওসি গুলফামুল ইসলাম আরও বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি