চলতি মাসে মিরপুরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পর সিরিজের শেষ ম্যাচে জয় পায় বাংলাদেশ নারী দল। সেই জয়ের ধারা টেনে আনে ওয়ানডে সিরিজেও। এ ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে অবশ্য দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে তাল গোল পাকিয়ে ফেলে টাইগ্রেসরা। ফলে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানেই হারের স্বাদ নিতে হয়।
আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। যেহেতু সিরিজে ১-১ জয়ে সমতা চলছে তাই শনিবারের এ জয় দুই দলের জন্যই অলিখিত ফাইনালই। আর এমন ম্যাচেই বাংলাদেশের কপালে পড়েছে দুশ্চিতার ভাজ। সিরিজের শুরু থেকে অসুস্থতার কারণে ছিটকে গেছেন স্বর্ণা আক্তার। এবার শেষ ম্যাচে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
গতকাল শুক্রবার শেষবারের মতো নিজেদের প্রস্তুত করতে অনুশীলনে নামে বাংলাদেশ নারী দল। এরপর ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন নারী দলের হেড কোচ হাশান তিলকারেত্ন ও ফাহিমা খাতুন। এসময় দলের হেড কোচ জানান অধিনায়ক জ্যোতির শারীরিক অসুস্থতার বিষয়ে। এ বিষয়ে কোচ বলেন, ‘জ্যোতি এখনো পুরোপুরি ফিট নয়। ম্যাচের আগে একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব।’
বাংলাদেশ ব্যাটিং লাইনআপে ভরসার নাম উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি। তবে দ্বিতীয় ওয়ানডে থেকেই তীব্র গরমে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। সেই ম্যাচে প্রথমে ফিল্ডিং করে ব্যাটিংয়ে নেমেই অসস্থতিবোধ করেন জ্যোতি। এতে করে ঐ ম্যাচে ব্যাটিং করতে নেমে মাত্র তিন রান করেন। তবে এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে দলকে জয় পেতে ব্যাট হাতে শক্ত ভূমিকায়ই ছিলেন তিনি, করেন দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান। তাই তৃতীয় ম্যাচে তাকে যদি দল না পায় তাহলে বেশ দুর্ভোগই সৃষ্টি হতে পারে ব্যাটিং লাইনাপে।
এদিকে শেষ ম্যাচে সফরকারীদের হারিয়ে প্রথমবারের মত সিরিজ জিততে চায় বাংলাদেশ দল। আর তাই দ্বিতীয় ম্যাচে নিজেদের করা ভুলগুলো সুধরে আজ জয়ের জন্যেই লড়াই করতে নামবে টাইগ্রেসরা। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ফাহিমা খাতুন বলেন, ‘গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল, তা নিয়ে দুই দিনে আমরা অনেক আলোচনা করেছি। আমি বলব, এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে আমরা দল হিসেবে পারফরম করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও আমরা অনেক চেষ্টা করেছি... দুর্ভাগ্যবশত... ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের প্রত্যেকটা ব্যাটারই অনেক প্রতিভাবান। আমরা জানি, সবারই সামর্থ্য ছিল। দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি। তবে গত দুই দিনে সবাই সবার জায়গা থেকে ব্যক্তিগতভাবে, আমাদের কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে ভালো আলোচনা করেছি। আমরা আশাবাদী। দল হিসেবে কালকে চেষ্টা করব।’
